• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

১৫ আগস্টের ঝটিকা মিছিল, সাবেক ভূমিমন্ত্রীর পিএসসহ ৪৪ জনের বিরুদ্ধে মামলা


FavIcon
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
ছবির ক্যাপশন: মোঃ সাইফুল ইসলাম Photo

ঝটিকা মিছিলের ভিডিও ছড়াতেই মামলা, আনোয়ারায় গ্রেপ্তার ১

মো. সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারায় ১৫ আগস্ট ঝটিকা মিছিল করার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েমসহ ৪৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় নাম উল্লেখ করা ৪৪ জনের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৪৫ জনকে আসামি করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুরে আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমাম হোসেন বাদী হয়ে মামলাটি করেন বলে পুলিশ জানিয়েছে। মামলায় শাহজাদা এসএম মহিউদ্দিন, বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ূম শাহ, সাবেক ভূমিমন্ত্রীর এপিএস এডভোকেট ইমরান হোসেন বাবু, যুবলীগ নেতা রেজাউল করিম আনিছ, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম, আনোয়ারা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এম নজরুল ইসলাম, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের, জেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দারসহ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আতাউল আমিন (১৭) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে আনোয়ারা সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং আনোয়ারা সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জয়কালী বাজার এলাকার নুরুল আলমের ছেলে। মামলায় তাকে এজাহারভুক্ত এক নম্বর আসামি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৫ আগস্ট) সকালে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আনোয়ারা সদর ইউনিয়নের কলেজ রোড এলাকায় ১০ থেকে ১৫ জন তরুণ ও কিশোর ঝটিকা মিছিল বের করেন। মিছিলকারীদের হাতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ছবিযুক্ত একটি ব্যানার ছিল বলে পুলিশ জানিয়েছে। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। পরে রাতে অভিযান চালিয়ে আতাউল আমিনকে গ্রেপ্তার করা হয়। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, “নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করা হচ্ছে। তদন্তে প্রত্যেকের সম্পৃক্ততা যাচাই করা হবে।