শতবর্ষের ঐতিহ্যে মুখর কর্ণফুলী: বৈশাখী মেলা ও বলি খেলায় জনসমুদ্র
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Apr 17, 2026 ইং
শতবর্ষের ঐতিহ্যে মুখর কর্ণফুলী: বৈশাখী মেলা ও বলি খেলায় জনসমুদ্র
নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম)
বাংলা নববর্ষকে ঘিরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ইছানগর ৮ নম্বর ওয়ার্ডে বসেছে শত বছরের ঐতিহ্যবাহী বৈশাখী গ্রামীণ মেলা ও বলি খেলা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এই আয়োজন রাত পর্যন্ত চলবে। স্থানীয়ভাবে ‘মরহুম আবুল কাশেম স্মৃতি’ নামে পরিচিত এ মেলাটি প্রতি বছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুম আবুল কাশেম স্মৃতির সদস্য সচিব এম এ হোসাইন সাবরিন চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন সদস্য মোহাম্মদ নুরুল আলম। মেলার প্রধান আকর্ষণ ঐতিহ্যবাহী বলি খেলা। চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে আগত কুস্তিগীররা এতে অংশগ্রহণ করেন। শক্তি, দক্ষতা ও কৌশলের সমন্বয়ে এই লোকজ প্রতিযোগিতা দর্শকদের মাঝে বাড়তি উত্তেজনা সৃষ্টি করে। খেলা উপভোগ করতে সকাল থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষের ঢল নামে। এছাড়াও মেলায় গ্রামীণ ঐতিহ্যের নানা উপকরণ স্থান পেয়েছে। মাটির তৈরি শিল্পপণ্য, বাঁশ-বেতের সামগ্রী, শিশুদের খেলনা, কাঁচের চুড়ি, আলতা, পাউডারসহ ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে। পাশাপাশি কদমা, বাতাসা, মুড়কি, মুড়ি, জিলাপি, নিমকি ও চানাচুরের মতো দেশীয় খাবারের স্টলগুলোতে ছিল উপচে পড়া ভিড়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চরপাথরঘাটা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম মঈন উদ্দিন, কর্ণফুলী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মির্জা বাহার, সদস্য সচিব মোহাম্মদ সেলিম খাঁন, এস এম পেয়ার আলী, মোহাম্মদ মনোয়ার হোসেন, এম মুছা সিকদার, লন্ডনী ফরিদ, আহ্বায়ক ইমরান হোসেন খোকনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। স্থানীয়দের মতে, এই বৈশাখী মেলা শুধু বিনোদনের কেন্দ্র নয়, বরং গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এক অনন্য মাধ্যম। প্রতি বছরই এ আয়োজন এলাকাবাসীর মধ্যে সৃষ্টি করে উৎসবের আমেজ ও সম্প্রীতির বন্ধন।
আপনার মতামত লিখুন :