আনোয়ারায় ট্রলারশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2026 ইং
দুই সন্তানের জনকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ; পারিবারিক কলহের তথ্য পরিবারের
নিজস্ব প্রতিবেদক: প্রবাসী নিউজ টিভি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে শাহাবুদ্দিন (৩৫) নামে এক ট্রলারশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) সকালে উপজেলার খোর্দ গহিরা ৭ নম্বর ওয়ার্ডের পণ্ডিতের বাড়ি এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহাবুদ্দিন ওই এলাকার প্রয়াত শামসুল আলমের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন এবং দীর্ঘদিন ধরে নদীপথে চলাচলকারী মালবাহী ট্রলারে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের দাবি, তিনি মাদকাসক্তও ছিলেন। মঙ্গলবার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। পরে রাতের খাবার শেষে স্বামী-স্ত্রী একই কক্ষে ঘুমিয়ে পড়েন। বুধবার ভোরে ঘুম থেকে উঠে স্ত্রী স্বামীকে পাশে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পাশের একটি খালি কক্ষে গিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় শাহাবুদ্দিনকে দেখতে পান। পরে পরিবারের সদস্যরা তাকে নামিয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে আনোয়ারা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সবদিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :