• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

দীপুমনি মার্কেটের সামনে দিনদুপুরে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা


FavIcon
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Jun 27, 2026 ইং
ছবির ক্যাপশন: MD Saiful Islam

সাতকানিয়া থেকে প্রধান আসামিকে গ্রেপ্তার করল আনোয়ারা থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার দিপুমনি মার্কেট এলাকায় প্রকাশ্যে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় প্রধান আসামি মো. গিয়াস উদ্দিনকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক থাকা ওই আসামিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মধ্যম দুরদুরী এলাকা থেকে আটক করা হয়। আনোয়ারা থানা পুলিশ জানায়, গত ২২ জুন বেলা ১১টার দিকে উপজেলার চাতরী ইউনিয়নের দিপুমনি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত সোহেলের চাচা মো. বদিউল আলম বাদী হয়ে ২৪ জুন আনোয়ারা থানায় মামলা করেন। মামলায় গিয়াস উদ্দিনকে প্রধান আসামি এবং তাঁর বোন কহিনুর আক্তারকে অপর আসামি করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ৩২৪, ৩২৬, ৩০৭, ৩৭৯, ১১৪, ৫০৬(২) ও ৩৪ ধারায় দায়ের করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, সুদভিত্তিক ধার করা টাকা এবং মাসিক অর্থ পরিশোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন বিষয়টি মীমাংসার কথা বলে সোহেল ও তাঁর মাকে ঘটনাস্থলে ডেকে নেওয়া হয়। একপর্যায়ে কথাকাটাকাটির মধ্যে গিয়াস উদ্দিন ধারালো অস্ত্র দিয়ে সোহেলকে এলোপাতাড়ি আঘাত করেন। তাঁকে রক্ষা করতে গেলে তাঁর মা ছেনোয়ারা বেগমও আহত হন। এজাহারে আরও অভিযোগ করা হয়, হামলার সময় কহিনুর আক্তারও ভুক্তভোগীদের মারধর করেন। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান। যাওয়ার আগে সোহেলের কাছে থাকা ১০ হাজার টাকা নিয়ে যাওয়ার এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে। পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। আহত দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এরপর প্রধান আসামিকে গ্রেপ্তারে অভিযান জোরদার করে পুলিশ। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের নির্দেশনায়, আনোয়ারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসানের তত্ত্বাবধানে এবং আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই (নিঃ) শিমুল চন্দ্র দাস, এএসআই (নিঃ) মো. নুরুল আফছার ও পুলিশের একটি দল সাতকানিয়া উপজেলার মধ্যম দুরদুরী এলাকা থেকে গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করে। আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।