আনোয়ারায় চারতলা ভবনের বেলকনি থেকে পড়ে শিশুর মৃত্যু, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
আনোয়ারায় চারতলা ভবনের বেলকনি থেকে পড়ে শিশুর মৃত্যু, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
মোঃ সাইফুল ইসলাম আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকায় চারতলা ভবনের বেলকনি থেকে পড়ে মোহাম্মদ আবির (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাত ৯টার দিকে পশ্চিমচাল কবিরের দোকান এলাকার গুলবাহার আবাসিক ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবির উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা বার আউলিয়া ইসমাইল মিয়াজী বাড়ির মোহাম্মদ দেলোয়ার ও মোছাম্মৎ নিলা আক্তারের একমাত্র সন্তান। পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে পশ্চিমচাল এলাকার ওই ভবনের চতুর্থ তলায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় আবির সবার অগোচরে বাসার বেলকনিতে চলে যায়। একপর্যায়ে খেলতে গিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়দের অভিযোগ, ভবনটির বেলকনিতে পর্যাপ্ত নিরাপত্তা গ্রিল না থাকায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছিল। বিকট শব্দ শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মতে, বহুতল ভবনে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বেলকনিতে মানসম্মত নিরাপত্তা গ্রিল স্থাপন এবং ভবন নির্মাণে নিরাপত্তা বিধিমালা কঠোরভাবে অনুসরণ করা জরুরি।
আপনার মতামত লিখুন :