আনোয়ারায় ডোবায় পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Jul 9, 2026 ইং
আনোয়ারায় ডোবায় পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু
মো. সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাড়ির পাশের একটি ডোবায় পড়ে মো. ইশতিয়াক (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ৯ই জুলাই দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার ৫ নম্বর বুরুমচড়া ইউনিয়নের নলদিয়া ৪ নম্বর ওয়ার্ডের হাসান সদ্দারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইশতিয়াক ওই এলাকার মো. ইদ্রিসের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলাধুলার সময় অসাবধানতাবশত রাস্তার পাশের একটি ডোবায় পড়ে যায় ইশতিয়াক। পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করলে একপর্যায়ে ডোবা থেকে উদ্ধার করেন। পরে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলের তথ্য সংগ্রহ করে। শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে বাড়ির পাশের খোলা ডোবা ও জলাশয়গুলো শিশুদের জন্য বড় ঝুঁকিতে পরিণত হয়। এ ধরনের দুর্ঘটনা এড়াতে অভিভাবকদের আরও সতর্ক থাকার পাশাপাশি ঝুঁকিপূর্ণ জলাশয়ের চারপাশে নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।
আপনার মতামত লিখুন :