• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

আনোয়ারায় অটোরিকশার আসনের নিচে ২৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার ২


FavIcon
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Oct 22, 2026 ইং
ছবির ক্যাপশন: Photo

আনোয়ারায় অটোরিকশার আসনের নিচে ২৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার ২

মোঃ সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার চালকের আসনের নিচে লুকিয়ে রাখা ২৮ হাজার ৫৩০ পিস ইয়াবা উদ্ধার করেছে এসআরবি-৭। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮৫ লাখ ৬০ হাজার টাকা। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত নম্বরবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি-৭। সংস্থাটি জানায়, গত ২০ অক্টোবর বেলা ১১টা ২০ মিনিটে আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপসংলগ্ন সরকারহাট গরুর বাজার এলাকায় মেসার্স পেতান শাহ স্টোর অ্যান্ড সাপ্লায়ার্সের সামনে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকার মো. সাকিব (১৯) ও জাহিদুল ইসলাম (২০)। সাকিব পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশাচালক। এসআরবি-৭-এর ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান নিয়ে কয়েকজন মাদক কারবারি আনোয়ারা হয়ে চট্টগ্রাম নগরীর দিকে যাচ্ছেন। এ তথ্যের ভিত্তিতে সরকারহাট এলাকায় মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করা হয়। তল্লাশির একপর্যায়ে সবুজ রঙের নম্বরবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশা চেকপোস্টে পৌঁছালে চালক ও তাঁর সঙ্গে থাকা আরেক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় অটোরিকশার চালকের আসনের নিচে ইয়াবা রাখা রয়েছে বলে তাঁরা জানান। পরে সেখান থেকে ২৮ হাজার ৫৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় ইয়াবা পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটি। এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তার দুই যুবক, উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা অটোরিকশা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।