• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

মদ্যপের বিরুদ্ধে প্রতিবাদেই সর্বনাশ


FavIcon
মোঃ রফিকুল ইসলাম
নিউজ প্রকাশের তারিখ : Apr 19, 2026 ইং
ছবির ক্যাপশন:

মদ্যপের বিরুদ্ধে প্রতিবাদেই সর্বনাশ! আনোয়ারায় একের পর এক ‘মিথ্যা মামলা’ নিঃস্ব এক পরিবারে নেমে এসেছে অন্ধকার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা এলাকার এক অসহায় পরিবার প্রতিবেশীর সঙ্গে বিরোধকে কেন্দ্র করে একের পর এক মামলা ও হামলার অভিযোগে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। পরিবারটির দাবি, মদ্যপ অবস্থায় অশালীন আচরণের প্রতিবাদ করায় তাদের ওপর নেমে এসেছে নির্যাতন, হয়রানি ও মিথ্যা মামলার বোঝা। ভুক্তভোগী সুনিল দাশ (৬০) একসময় চাকরি করলেও বর্তমানে কর্মহীন। ডায়াবেটিসে আক্রান্ত, চোখেও কম দেখেন। স্ত্রী পূর্ণিমা দাশ ও অষ্টম-নবম শ্রেণিতে পড়ুয়া দুই কন্যাকে নিয়ে এখন চরম অনিশ্চয়তায় দিন কাটছে তার। পরিবারটির অভিযোগ, প্রতিবেশী শ্রীধাম দাশ (৫৫) নিয়মিত মদ্যপ অবস্থায় বাড়িতে এসে গালাগাল করতেন। এর প্রতিবাদ করায় শুরু হয় বিরোধ। পরিবারটির ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বর মাসে এক ঘটনায় শ্রীধাম দাশ ও তার ছেলেরা তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় সুনিল দাশ বাদী হয়ে মামলা করেন। তবে এর পরপরই প্রতিপক্ষ আদালতে পাল্টা মামলা দায়ের করে, যা নিয়ে শুরু হয় নতুন করে হয়রানি। অভিযোগ রয়েছে, পাল্টা মামলায় প্রাথমিকভাবে গুরুতর আঘাতের প্রমাণ না থাকলেও পরবর্তীতে এক বছর পর নতুন করে একটি ইনজুরি সনদ সংযুক্ত করে মামলায় গুরুতর ধারাগুলো যুক্ত করার চেষ্টা করা হয়। এ নিয়ে বর্তমানে ডিবি পুলিশ তদন্ত করছে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও সাক্ষীরা জানান, ঘটনার দিন তারা গুরুতর কোনো আঘাতের ঘটনা দেখেননি। আমরা যা দেখিনি, তা বলব না এমনটাই দাবি তাদের।আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রানা ধর বলেন,  প্রথমে সাধারণ আঘাতের সনদ দেওয়া হলেও পরে এক বছর পর ভিন্ন সনদ দিয়ে মামলাকে জোরালো করার চেষ্টা করা হয়েছে। এটি উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি ছাড়া কিছু নয়।এদিকে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো. মহিউদ্দিন বলেন, বর্তমানে যে তদন্ত আমার কাছে রয়েছে, সেটি গুরুত্বসহকারে যাচাই-বাছাই করে প্রকৃত ঘটনা তুলে ধরা হবে।ভুক্তভোগী পরিবারটি জানায়, প্রশাসনের দ্বারস্থ হয়েও তারা কাঙ্ক্ষিত ন্যায়বিচার পাচ্ছেন না। দুই কিশোরী মেয়েকে নিয়ে তারা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভিটেমাটি ছেড়ে কোথাও যেতে পারছেন না, আবার এই অবস্থায় থাকাও তাদের জন্য কঠিন হয়ে উঠেছে।একটি পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা যখন মামলা ও হয়রানির চাপে বিপর্যস্ত হয়ে পড়ে, তখন প্রশ্ন ওঠে এ ধরনের ঘটনার সুষ্ঠু ও দ্রুত সমাধান কতটা নিশ্চিত করা যাচ্ছে? স্থানীয়দের দাবি, বিষয়টি দ্রুত নিরপেক্ষভাবে তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।

মদ্যপের বিরুদ্ধে প্রতিবাদেই সর্বনাশ! আনোয়ারায় একের পর এক ‘মিথ্যা মামলা’ নিঃস্ব এক পরিবারে নেমে এসেছে অন্ধকার