বাবার হাত ধরে অপরাধজগতে, ২৫ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার তৌহিদ গ্রেপ্তার
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Nov 27, 2026 ইং
চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযান, উদ্ধার লুটের মোটরসাইকেল ও স্বর্ণালংকার
মোঃ সাইফুল ইসলাম (চট্টগ্রাম)
কক্সবাজারের চকরিয়ায় চাঞ্চল্যকর গিয়াস উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি ও আন্তজেলা ডাকাত দলের সর্দার তৌহিদুল ইসলাম ওরফে তৌহিদ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যা, অপহরণ, ডাকাতি ও ছিনতাইসহ ২৫টির বেশি মামলার আসামি এই ডাকাত সর্দারকে উপজেলার বরইতলী ইউনিয়নের একটি পাহাড়ি আস্তানা থেকে যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ও বিভিন্ন বাড়ি থেকে লুট করা দুটি মোটরসাইকেল এবং তিনটি বিদেশি ইমিটেশনের চেইন উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) গভীর রাতে কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানের নির্দেশনায় চকরিয়া ও রামু থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে গঠিত যৌথ দল বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে আদালতে হাজির করা হলে বিচারক তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বৃহস্পতিবার দুপুরে চকরিয়া থানা ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান। পুলিশ জানায়, গত ১২ নভেম্বর ভোররাতে তৌহিদের নেতৃত্বে একদল সশস্ত্র ডাকাত চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতার বিল এলাকায় আলী আকবরের বাড়ির বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এ সময় দেশীয় অস্ত্র, হাতুড়ি ও বৈদ্যুতিক শক মেশিনের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের মারধর করে নগদ ৩ লাখ ৫ হাজার টাকা এবং প্রায় ৩১ লাখ টাকা মূল্যের ১৩ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। একই রাতে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনি উত্তরপাড়ায় পারভেজ মোশাররফের বাড়িতে হামলা চালিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ডাকাত দল। সেখান থেকে ১৭ ভরি স্বর্ণালংকার, দুটি মুঠোফোন ও একটি মোটরসাইকেল লুট করা হয়। এ দুটি ঘটনায় চকরিয়া থানায় পৃথক ডাকাতি মামলা দায়ের করা হয়। তবে তৌহিদের বিরুদ্ধে সবচেয়ে আলোচিত অভিযোগটি চাঞ্চল্যকর গিয়াস উদ্দিন হত্যা মামলা। পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৭ সেপ্টেম্বর রাতে চকরিয়ার মাতামুহুরী সেতুর ওপর মোটরসাইকেল আরোহী গিয়াস উদ্দিনকে (৪৫) গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে ফেলে অপহরণ করে তৌহিদ ও তাঁর সহযোগীরা। পরে তাঁকে মাথায় আঘাত করে হত্যা করা হয় এবং মরদেহ সেতুর পাশে ফেলে রাখা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী জান্নাতুল নাঈম বাদী হয়ে তৌহিদকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন।
পুলিশের তদন্তে উঠে এসেছে, বাবা কাশেম ডাকাতের হাত ধরেই অপরাধজগতে প্রবেশ তৌহিদের। পরবর্তী সময়ে নিজেই ৪০ থেকে ৫০ জনের একটি সশস্ত্র ডাকাত বাহিনী গড়ে তোলেন তিনি। তাঁর ভাই জাহেদ ডাকাতও এই চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, ডাকাতির অর্থে তৌহিদ ও তাঁর স্ত্রী রুমা আক্তার চকরিয়ার কাকারা লোটনি এবং বান্দরবানের লামার ফাইতং এলাকায় বহুতল ভবনসহ বিপুল সম্পদ গড়ে তুলেছেন। এসব ভবনের ভূগর্ভস্থ অংশে লুণ্ঠিত মালামাল সংরক্ষণ ও ডাকাতির সম্পদ ভাগবাঁটোয়ারা করা হতো বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের আগাম তথ্য পেতে চক্রটির নিজস্ব তথ্যদাতা নেটওয়ার্কও ছিল বলে জানিয়েছে পুলিশ।
চকরিয়া থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান জানান, তৌহিদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, ডাকাতি ও ছিনতাইসহ ২৫টির বেশি মামলা রয়েছে। বৃহস্পতিবার বিকেলে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মুহাম্মদ ফারহান সাদিক তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ডাকাত চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত অবশিষ্ট মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :