• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কর্ণফুলীতে জামায়াতের বিক্ষোভ


FavIcon
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Oct 28, 2026 ইং
ছবির ক্যাপশন: মোঃ সাইফুল ইসলাম Photo

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কর্ণফুলীতে জামায়াতের বিক্ষোভ

মোঃ সাইফুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম)
চট্টগ্রামের কর্ণফুলীতে ২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার কলেজ বাজার-সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তারা ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। কর্ণফুলী উপজেলা জামায়াতের আমির মাস্টার মনির আবছার চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাস্টার নুর উদ্দিন জাহাঙ্গীরের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনা দেশের রাজনৈতিক ইতিহাসের একটি নৃশংস অধ্যায়। ওই দিন জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর লগি-বৈঠা দিয়ে হামলা ও হত্যাকাণ্ড চালানো হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, ওই ঘটনায় নিহতদের পরিবার এখনো ন্যায়বিচারের প্রত্যাশা করছে। তাই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, দলটির রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে দেশে ফ্যাসিবাদী পরিস্থিতি তৈরি হয়েছিল বলে তিনি মনে করেন। একই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হলে আবারও জুলাইয়ের মতো গণ-আন্দোলন গড়ে উঠতে পারে বলেও তিনি সতর্ক করেন। সভাপতির বক্তব্যে উপজেলা জামায়াতের আমির মাস্টার মনির আবছার চৌধুরী অভিযোগ করেন, ২৮ অক্টোবর হত্যাকাণ্ডের পর নিহতদের মরদেহের ওপর উঠে নৃত্য করা হয়েছিল। তিনি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সহিংসতা বন্ধে অতীতের সব হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও বিচার হওয়া জরুরি। সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাহবুব আলী, অর্থ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ হারুন, শোয়াইবুল ইসলাম মোরশেদ, গিয়াসউদ্দিন, আব্দুর রহমান, ইলিয়াছ মেম্বার, মুছা মেম্বার, মোস্তফা আল মাহমুদ ইমরোজ, জিয়াউর রহমান ও শরীফ সুমনসহ স্থানীয় নেতারা।
কর্মসূচিতে স্থানীয় জামায়াতের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।