• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণার পর কারাগারে সুমন, মাদক মামলায় জামিন নামঞ্জুর


FavIcon
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Oct 28, 2026 ইং
ছবির ক্যাপশন: মোঃ সাইফুল ইসলাম Photo

চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণার পর কারাগারে সুমন, মাদক মামলায় জামিন নামঞ্জুর

মোঃ সাইফুল ইসলাম আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে প্রচারণা চালানোর পর মাদক মামলায় কারাগারে গেছেন মো. সোহেল উদ্দিন সুমন। ঢাকার কাফরুল থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করেন বিচারক। পরে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন সুমন। মামলার শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে বিষয়টি স্থানীয়ভাবে ছড়িয়ে পড়লে আনোয়ারার জুঁইদণ্ডী ইউনিয়নে শুরু হয় আলোচনা-সমালোচনা। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জজকোর্টে রাষ্ট্রপক্ষের সহকারী আইনজীবী মোহাম্মদ রবিউল। তিনি বলেন, কাফরুল থানার একটি মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সোহেল উদ্দিন সুমন দীর্ঘদিন পলাতক ছিলেন। সোমবার তিনি আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের এই আইনজীবী আরও জানান, বুধবার (২৮ অক্টোবর) তাঁকে আদালতে তোলার কথা রয়েছে। মামলাটি পরিচালনায় রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। সোহেল উদ্দিন সুমন জুঁইদণ্ডী ইউনিয়নের বদিউর আলমের ছেলে। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে। স্থানীয়ভাবে তিনি ‘ইয়াবা সুমন’ নামে পরিচিত বলেও জানা গেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে তাঁর প্রচারণা চালানোর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আগে থেকেই আলোচনা চলছিল। এর মধ্যে মাদক মামলায় জামিন না পেয়ে কারাগারে যাওয়ার ঘটনায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সাধারণ ভোটারদের একাংশের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।